সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছে নিজ দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।
আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু বলেন, আব্দুল কাদের মির্জা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ তুলে নিজেই করে যাচ্ছেন অপরাজনীতি। দলের শৃঙ্খলা ভেঙে সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মী ও সাংসদদের নামে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিএনপি-জামায়াতের অনুসরণ করে রাষ্ট্র ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি ঢালাও অভিযোগ করেই যাচ্ছেন। যা দল ও রাষ্ট্রের শৃঙ্খলা বিরোধী। আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।
বার্তাবাজার/এসজে