দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রাণঘাতী করোনা প্রতিরোধী টিকা নেওয়ার জন্য দ্রুত নিবন্ধন করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পাতিবার (১৮ ফেব্রুয়ারি) অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়।
জারিকৃত নির্দেশনায় বলা হয়, অগ্রাধিকারভিত্তিতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কোভিড-১৯ টিকার আওতায় আনার নির্দেশনার প্রেক্ষিতে ইতোমধ্যে অনেক শিক্ষকই টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু এখনও বিভিন্ন কারণে অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেননি বলে জানা গেছে। যারা এখনও নিবন্ধনের আওতায় আসেননি, তারা দ্রুত নিবন্ধন সম্পন্ন ও টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সব আঞ্চলিক উপ-পরিচালকসহ জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে। একইসাথে জানানো হয়েছে, সংশ্লিষ্টদেরকে করোনার টিকার আওতায় আনায় বাংলাদেশ সরকার আন্তরিক।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অদিদপ্তর থেকে সকল শিক্ষককে টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয় করোনার প্রাদুর্ভাব কমে এলে সব বিদ্যালয় খুলে দেওয়া হবে। তাই সবাইকে ভাইরাস মুক্ত থাকতে টিকা নিতে হবে।
বার্তাবাজার/এসজে