ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরকে সামনে রেখে সাকিব আল হাসানকে পুরনো দল কলকাতা নাইট রাইডার্স আবারও লুফে নেয়। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।
সাকিব বিক্রি তো হলেন, কিন্তু এবারের আইপিএলে কি খেলতে পারবেন বাংলাদেশের এই অলরাউন্ডার? আইপিএলের সময় যে আন্তর্জাতিক সিরিজ খেলার কথা বাংলাদেশেরই!
জানা যায়, আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে আগেই মৌখিকভাবে ছুটি চেয়েছেন সাকিব। বিসিবির সবুজসংকেত পাওয়ার পর পরশু রাতে ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানকে ছুটি চেয়ে ই–মেইলও পাঠান তিনি। এরপর কাল আইপিএলের জন্য সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
এ বিষয়ে আকরাম খান জানান, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ ও আইপিএল একই সময়ে অনুষ্ঠিত হবে। এই সিরিজে সাকিব টেস্ট খেলতে চায় না। তাকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কারো ইচ্ছা না থাকলে তাকে জোর করে খেলাতে চাই না আমরা।’
পরশু রাতে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সভায় এ নিয়েও আলোচনা হয়েছে।
এক বছরের নিষেধাজ্ঞার কারণে গেল আসরে আইপিএল খেলতে পারেননি সাকিব। সেই কারণে নিষেধাজ্ঞা কাটায় এবার সুযোগ এসেছে তার সামনে। তাই দেশের হয়ে টেস্ট না খেলে আইপিএল মাতানো নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
দেশের ক্রিকেটের চেয়ে আইপিএল বড় কিনা? এমন প্রশ্নও উঠেছে সমর্থকদের মাঝে।
বার্তাবাজার/পি