সিলেট শহরতলির শাহপরান থানা এলাকার বিআইডিসি মহল্লার একটি বাড়িতে শয়নকক্ষের বিছানায় থেকে মা ও ৯ বছরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরে ছিলো ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতের চিহ্ন। মা-মেয়ের লাশের পাশে সাত বছরের এক ছেলে শিশু ছুরিকাঘাতে আহত অবস্থায় কাতরাচ্ছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।
এ হত্যাকাণ্ডটি বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ঘটে। পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের সময় ওই বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরিসহ এক কিশোরকে (১৭) আটক করা হয়েছে। ওই কিশোর নিহত নারীর সৎপুত্র।
জানা যায়, নিহত নারীর নাম রুবিয়া বেগম (৩০) ও তাঁর মেয়ের নাম মাহা বেগম (৯) ও ছেলের নাম তাহসিন (৭)। পুলিশ জানিয়েছে, তাহসিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পুলিশ আরও জানায়, এ হত্যাকাণ্ডের সময় রুবিয়া বেগমের স্বামী আবদাল হোসেন (৪২) বাড়ির পাশেই মুদি দোকানে ছিলেন। তিনি একজন মুদি ব্যবসায়ী।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ভাই-বোনকে দা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে কিশোর।
তিনি আরও জানান, পুলিশ মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে নিয়ে গেছে।
বার্তাবাজার/ভিএস