চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌ-যান ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তাদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করেছে বলে জানিয়েছেন কোস্টগার্ড।
জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সোমবার ভোরে ঘনকুয়াশার কারণে কর্ণফুলীর মোহনায় মালবাহী কার্গোবোটের সাথে একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় ডুবে যাওয়া কার্গোবোটের নিখোঁজ ৩ জনের মধ্যে কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা সবজি বিক্রেতা আবুল কাশেম (৫৫) ও দুপুরে দক্ষিণ ধ্রুং কুতুবদিয়ার বাসিন্দা বোটের মাঝি সাইদুল করিম (২৫) লাশ কর্ণফুলী নদীর ১৮নং ঘাট এলাকায় ভেসে উঠলে তাদের উদ্ধার করে স্বজনরা।
তবে এ ঘটনায় নিখোঁজ মোহাম্মদ হোসেন (৫৫) মরদেহ এখনো পাওয়া যায়নি। অপর দিকে গত মঙ্গলবার সকাল ৯টায় কর্ণফুলী নদীর ১২নং ঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমীরপুর উত্তরপাড়ার মোহাম্মদ মারজানের পুত্র নাহিয়ান আল ফারুক অভি (২২) মরদেহও এখনো পাওয়া যায়নি।
কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান বার্তা বাজারকে জানান, গত সোমবার ভোরে সংঘঠিত কার্গোবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে বোটের মাঝিসহ ২ জনকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
সুমন শাহ্/বার্তাবাজার/হৃ.আর