কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, অপপ্রচার, গুজব কৃষিপণ্যের ক্ষতি করে। তিনি বলেন, চীনে তৈরি কৃত্রিম ডিম, ফলে ফরমালিন আতঙ্ক, দুধে ভেজাল, খাদ্যে হেভি মেটাল—এমন বেশ কিছু অপপ্রচার কৃষিপণ্যকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে গণভবন থেকে ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষিমন্ত্রী বলেন, কৃষিপণ্যের বিরুদ্ধে অপপ্রচার কৃষিপণ্যের মূল ক্ষতির কারণ। তিনি দুধে ভেজালের প্রসঙ্গ টেনে বলেন, দুধে নাকি অ্যান্টিবায়োটিক-হেভি মেটাল মেশানো হয় এসব বলে অপপ্রচার চালানো হয়। এ বিষয়টি হাইকোর্ট আমলে নিয়ে দীর্ঘ ২ মাস দুধ বিক্রয় বন্ধ করে রাখল। এতে করে দুগ্ধ খামারিরা আর ডেইরি কোম্পানিগুলো দুধ বাজারে বিক্রয় না করতে পেরে রাস্তায় ফেলে দিল। কিন্তু ঠিকই ভারত এবং সিঙ্গাপুরের ল্যাবে টেস্ট করে নির্ভেজাল প্রমাণিত হলো।
তিনি বলেন, দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল। তাদের কারণে দেশের অনেক দুগ্ধ খামরি ও ডেইরি কোম্পানিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাজ হবে এই বিষয়গুলোতে বিশেষ ভূমিকা রাখা।
কৃষিমন্ত্রী দেশে খাদ্যের কোন ঘাটতি নেই দাবি করে বলেন, এখন দেশে প্রয়োজন নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার। দেশে খাদ্যের ভেজাল ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত না করা গেলে চিকিৎসা ব্যয় বাড়বে পাশাপাশি দেশে দারিদ্রতা বৃদ্ধি পেতে থাকব। আর দেশের খাদ্য নিরাপদ ও স্বাস্থ্যকর হলে খাদ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে তিনি ধারণা প্রকাশ করেন। যা দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাপক ভূমিকা পালন করতে সক্ষম হবে।
এ অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বার্তাবাজার/ই.এই.এম