উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ইবি অধ্যাপক নাসিম বানু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানু। আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ঐ প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ধারা ১৪ (১) অনুসারে ড. নাসিম বানু অধ্যাপক এবং ডিন সমাজ বিজ্ঞান অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া কে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এর প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন পূর্বক অবসর গ্রহনের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। বিধি অনুযায়ী, পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্বপালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর