‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি’- জানালেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। চলতি বছরের জানুয়ারি মাসেও স্বাস্থ্য সেবা স্কোরিংয়ে সমগ্র বাংলাদেশের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে প্রথম স্থান অর্জন করায় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে একথা জানান তিনি।
ডা. সায়েমুল হুদা বার্তা বাজারকে জানান, সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবারও যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। গেল বছর নভেম্বর ও ডিসেম্বর মাসসহ চলতি বছরের জানুয়ারি মাসেও (৬৩.৭৪ পয়েন্ট) লাগাতার স্বাস্থ্য সেবা ‘স্কোরিং’ এ যৌথভাবে প্রথম হয়ে এক বিরল রেকর্ড অর্জন হলো আমাদের। এজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার এর সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও ভালোবাসা।
তিনি বার্তা বাজারকে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, স্বাস্থ্য সেবা অধিকার। এরই ধারাবাহিকতায় এই অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আমার টিমের সকল কর্মকর্তা ও কর্মচারী। আমরা প্রতিটি মানুষের দ্বারগোড়ায় সু-স্বাস্থ্যসেবা পৌঁছাতে অঙ্গীকারবদ্ধ। আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি।
ডা. হুদা বার্তা বাজারকে বলেন, বিশেষ কৃতজ্ঞতা আমাদের সকলের অভিভাবক স্বাস্থ্য সেবা কমিটির সম্মানিত সভাপতি মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান স্যারের প্রতি, কৃতজ্ঞতা উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব মহোদয়সহ উপজেলা প্রশাসন, গণমাধ্যমকর্মীদের ও প্রিয় সাভারবাসীর প্রতি। এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা বিভাগীয় পরিচালক ও আমাদের শ্রদ্ধেয় সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্যারের প্রতি।
বার্তাবাজার/হৃ.আর