বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বশেফমুবিপ্রবির মেইন গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সকল বিভাগের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘আমরা বশেফমুবিপ্রবিয়ান পাশে আছি ববিয়ান’, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানাই’, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কর’, ‘শিক্ষার্থীবান্ধব প্রশাসন চাই’সহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার পর প্রশাসন এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। নির্বিকারচিত্তে প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোই এ জায়গায় ব্যর্থ হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। রাষ্ট্রের কাছে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা করার সাহস তারা কোথায় পাচ্ছে? পরিবহন শ্রমিকদের এই শক্তির উৎস কোথায়?’
এ সময় শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, দেশের কোনও শিক্ষার্থীই জীবনের নিরাপত্তা পায় না। দেশের ভবিষ্যৎ কাণ্ডারিদের ওপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই। তাদের দ্রুত বিচারের আওতায় না আনলে সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। আর যেন কোনও শিক্ষার্থীর গায়ে আঘাত না আসে এমন ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে বলে প্রত্যাশা রাখি।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিবৃতি প্রদান করে।
বার্তাবাজার/হৃ.আর