প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকাদানে বাংলাদেশের স্বাস্থ্য কর্মীরা বিশ্বের সেরাবলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সচিব বলেন, আমাদের টিকাদান কর্মীরা পৃথিবীতে সবচেয়ে ‘এফিশিয়েন্ট’ বলতে পারেন; সবচেয়ে দক্ষ। মাত্র দুই মিনিটে টিকা দিতে পারেন। সারাদেশে প্রায় এক হাজার ১০টি হাসপাতালে ৫০ হাজারের মতো কর্মী কাজ করছেন। আমাদের কাজ হচ্ছে তাদের মনিটরিং করে তাদের মনোবল বৃদ্ধি করে যাচ্ছি। তাদের কীভাবে প্রণোদনা দেওয়া যায়, যতদিন প্রয়োজন টিকা দেওয়ার জন্য ততদিন পর্যন্ত তাদের মনোবল চাঙ্গা রাখতে হবে।
তিনি আরও বলেন, বিগত ৭ থেকে আজ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব করলে প্রায় ১৭ লাখ মানুষ টিকা নিয়েছেন। বর্তমানে আমরা বিশ্ব র্যাংকিংয়ে ১২-১৩ অবস্থানে রয়েছি। এই মাস শেষে হিসাব করলে আমরা প্রথম ৪ বা ৫-এ চলে আসব। এটাও কিন্তু বিশ্বে একটা নজির।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বার্তাবাজার/এসজে