সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা বৈশ্বিক রাজনৈতিক অঙ্গীকার: পররাষ্ট্রমন্ত্রী

দেশের সকলের জন্য করোনা টিকা নিশ্চিত করতে বিশ্বের দেশগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে একটি জোরালো রাজনৈতিক অঙ্গীকার জরুরি বলে উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালিতে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে স্থাপিত করোনা টিকা-কেন্দ্রে বেশ কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গে করোনা টিকা নেয়ার পর তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সবার জন্য করোনা টিকা নিশ্চিত করতে পরস্পরকে সহায়তার লক্ষ্যে আমাদের একটি বৃহত্তর অংশীদারিত্ব ও একটি রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।’

তিনি বলেন, পৃথিবীতে যে কয়টি দেশ করোনা টিকা পেয়েছে তার বাংলাদেশ অন্যতম। এটা শুধু মাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে। এমনকি, এখনো অনেক উন্নত দেশও কোভিড-১৯ এর ভ্যাকসিন পায়নি বলেও জানান তিনি।

মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ সরকার এই ভ্যাকসিন উদ্ভাবনের অনেক আগেই বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভ্যাকসিন চাইতে শুরু করেন।

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে ভ্যাকসিন দিব। একজনও বাদ পড়বে না।’ বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি করোনার বিরুদ্ধে দেশব্যাপী গণ-টিকাদান কর্মসূচি শুরু করেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর