এখনো অনেক উন্নত দেশও কোভিড-১৯ এর ভ্যাকসিন পায়নি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিত করতে বিশ্বের দেশগুলোর মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে একটি জোরালো রাজনৈতিক অঙ্গীকার জরুরি।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালিতে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে স্থাপিত করোনা টিকা-কেন্দ্রে বেশ কয়েকজন বিদেশি কূটনীতিকের সাথে কোভিড-১৯ এর ভ্যাকসিন নেয়ার পর এ কথা বলেন।

মোমেন বলেন, ‘সকলের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পরস্পরকে সহায়তার লক্ষ্যে আমাদের একটি বৃহত্তর অংশীদারিত্ব ও একটি রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।’

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিশ্বের যে ৩০ থেকে ৩৫টি দেশ কোভিড- ১৯ এর ভ্যাকসিন পেয়েছে, বাংলাদেশ তাদের অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ‘এমনকি, এখনো অনেক উন্নত দেশও কোভিড-১৯ এর ভ্যাকসিন পায়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, বাংলাদেশ সরকার এই ভ্যাকসিন উদ্ভাবনের অনেক আগেই বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভ্যাকসিন চাইতে শুরু করেন।

তিনি আরো বলেন, ‘আমরা সবাইকে ভ্যাকসিন দিব। একজনও বাদ পড়বে না।’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার কূটনীতিক রবার্ট চ্যাটার্টন ডিকসনও আজ ভ্যাকসিন নিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ৭ ফেব্রুয়ারি কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশব্যাপী গণ-টিকাদান কর্মসূচি শুরু করেছে।

সূত্র : বাসস

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর