ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাটের নামফলক অব্যশআ বাংলা ভাষায় নিশ্চিত করতে আজ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি), রাজধানীর রামপুরা বাজার এলাকা থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাটের নামফলক বাংলা ভাষায় লেখা নিশ্চিত করতে মাস ব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।
উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, সব প্রতিষ্ঠানের নামফলক, বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার বাংলা ভাষায় লিখতে হবে। তবে এ আদেশ হতে বাইরে থাকবে দূতাবাস, বিদেশি সংস্থা।
এ অভিযান চলাকালে যে সকল প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যানার বাংলা ভাষায় লেখা ছিল না সে সকল ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সেইসাথে ভেঙে ফেলা হয়েছে সাইনবোর্ডও।
প্রসঙ্গত, হাইকোর্ট বিভাগের ১৬৯৬/২০১৪ নং রিট পিটিশনে দেয়া আদেশ অনুযায়ী সব প্রতিষ্ঠানের (দূতাবাস, বিদেশি সংস্থা ও তৎসংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে নির্দেশিত হয়ে হাইকোর্টের আদেশটি পালন করছে ডিএনসিসি।
বার্তাবাজার/ই.এইচ.এম