কোভিড-১৯ এর ভ্যাক্সিন ‘কোভিশিল্ড’ এর প্রথম ডোজ নিয়েছেন সিআরপি’র প্রতিষ্ঠাতা সিস্টার ভ্যালরী এন টেইলর। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা গ্রহন করেন তিনি।
এই টিকা গ্রহনকালে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. নুসরাত জাহান সাথী, ডা. নাজমুল হুদা মিঠু প্রমুখ সহ অন্যান্য চিকিৎসক ও স্টাফগণ।
এব্যাপারে মুঠোফোনে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, পক্ষাঘাতগ্রস্থ কিংবা নানা আঘাতপ্রাপ্ত মানুষজন যারা ঢাকার কাছে সিআরপি নামের দাতব্য প্রতিষ্ঠানটিতে পুনর্বাসনের জন্য যান, তাদের অনেকের কাছেই পরিচিত এবং প্রিয়মুখ মিজ টেইলর। সুদীর্ঘ ৪০ বছর ধরে দেশের প্রতিবন্ধী সমাজে এবং শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত মানুষের সেবায় নিবেদিতপ্রাণ, দরদী অভিভাবক সিআরপি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক সিস্টার ভ্যালরী এন টেইলর বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা। আজ তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। তিনি শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করি।
উল্লেখ্য, ভ্যালেরি অ্যান টেইলর (Valerie Taylor; জন্ম: ৮ ফেব্রুয়ারি, ১৯৪৪) মূলত ইংল্যান্ডের নাগরিক। ১৯৯৮ সালে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন। সেই সময়ের প্রধানমন্ত্রী তাকে সম্মান পূর্বক এই নাগরিকত্ব প্রদান করেন। স্বেচ্ছাসেবা এবং সম্পূর্ণ আপন প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ সংগঠন প্রতিষ্ঠা করে তিনি বিশ্বে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের প্রেমে পড়ে ৫০ বছর কাটিয়ে দিয়েছেন তিনি।
বার্তাবাজার/পি