ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর রাতের আধারে বর্বরোচিত হামলার প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারি) ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় পরিবহন শ্রমিক নেতাদের দ্বারা নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা করা মানে দেশের সকল শিক্ষার্থীদের মনে হুঙ্কার সৃষ্টি করা। গভীর রাতে শিক্ষার্থীদের মেসে ঢুকে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদেরকে আহত করা হয়, যা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রচন্ডভাবে আঘাত করে। ঘটনার এত সময় অতিবাহিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও চুপ কেন তার উত্তর তাদের দিতে হবে৷

হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই দুষ্কৃতিকারীদের ৪৮ ঘন্টার ভিতর গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশেপাশের শিক্ষার্থীরা সহপাঠীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় তারাও হামলার শিকার হন। দুর্বৃত্তদের এ হামলায় ১১ জন আহত হয়েছেন। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর