গোপালগঞ্জের মুকসুদপুরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ট্রাকচালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে ট্রাকের শ্রমিক শাহিন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে চরপ্রসন্নদী ব্রিজের কাছে বরিশালগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা ল্গে উল্টে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় চাপা লেগে চালক সজীব ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন ট্রাকের শ্রমিক শাহিনসহ দু’জন গুরুতর আহত হন। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।
ঘটনাস্থলে উদ্ধার কাজে উপস্থিত ভাংগা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল জব্বার মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/ভি.এস