নিউজিল্যান্ড সফরের আগেই জাতীয় দলের ক্রিকেটাররা করোনা ভ্যাকসিন নিবেন বলে জানা গিয়েছিল। আজ থেকে শুরু হলো জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিনেশন কার্যক্রম।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একে একে করোনা ভ্যাকসিন নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার এবং স্টাফরা। সবার আগে করোনা ভ্যাকসিন নেন সৌম্য সরকার। এরপর নেন তামিম ইকবাল।
এছাড়াও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাঈম শেখদের। সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি আপাতত ভ্যাকসিন নিচ্ছেন না।
এছাড়াও যারা ঢাকার বাইরে আছে তারা আজ ভ্যাকসিন নিবেন না। আজ ভ্যাকসিন নিবেন ২৮ খেলোয়াড়। বাকিরা আগামী ২০ ফেব্রুয়ারি ভ্যাকসিন নিবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বার্তাবাজার/নব