কাতারভিতিক গণমাধ্যম আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে জড়িয়ে প্রকাশিত প্রতিবেদনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ায় সায়ের জুলকারনাইন ওরফে সামিসহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়া হবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট আশেক ইমাম রায়ের জন্য দিন ধার্য করেন। মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক।
সামি ছাড়াও মামলার অপর আসামিরা হলেন, আল জাজিরার এডিটর জেনারেল মোস্তেফা সরওয়ার, ডেভিড বার্গম্যান ও তাসমিম খলিল।
মামলার এজাহারে বলা হয়, দেশের সেনাবাহিনী ও সরকারকে হেয় প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন প্রকাশে সহযোগীতা করেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান, সামি, তাসমিম খলিল ও মোস্তেফা সরওয়ার।
মামলার বিষয়টি নিশ্চিত করে মশিউর মালেক বলেন, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪-এ, ১৪৯, ৩৪ ধারায় মামলার আবেদন করা হয়েছে।
বার্তাবাজার/এসামি সজে