চেক প্রতারণা মামলায় পতেঙ্গার নামকরা ব্যবসায়ী গ্রেফতার

তার নাম জহির উদ্দিন আহমেদ। চট্টগ্রামের পতেঙ্গার একজন নামকরা ব্যবসায়ী তিনি। তার একাধিক প্রতিষ্ঠানের মধ্যে চার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়েছিলেন প্রায় কোটি টাকার ঋণ। কিন্তু তা আর শোধ করেননি।

এরপরই তার বিরুদ্ধে সাতটি চেক প্রতারণা মামলা দায়ের করে বিভিন্ন ব্যক্তি। বকেয়া চেকের প্রাপ্ত অর্থ পরিশোধ না করে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ৬টি চেকের বিপরীতে সাজা দেয় আদালত।

২০১৯ সালে বিভিন্ন মেয়াদে ওই ৬ টি চেকের বিপরীতে দুই কোটি টাকা জরিমানা করে চট্টগ্রামের আদালত। তার মধ্যে একটিতে বর্তমানে গ্রেফতারি পরোয়ারা জারি রয়েছে। খবর পেয়ে সেই নামকরা ব্যবসায়ী জহির উদ্দিনকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানার পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর কোতোয়ালী থানার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জহির উদ্দিন আহমেদ পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ হাফিজুর রহমান মসজিদ সড়ক মৃত জাকির আহম্মেদের পুত্র।

পুলিশ জানায়, আসামি জহির উদ্দিন আহমেদ একজন ব্যবসায়ী। তার চারটি প্রতিষ্ঠান মেসার্স সাগর এন্টারপ্রাইজ, সী সাইড সিএনজি ফিলিং স্টেশন, এসএস কর্পোরেশন এবং জহির টিম্বার। এছাড়া মনি মুক্ত সোসাইটির চেয়ারম্যানও তিনি। এসব প্রতিষ্ঠানের নাম দিয়ে চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে আর পরিশোধ করেননি। দীর্ঘদিন দুই বছর ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৭টি মামলার মধ্যে ৬টিতে সাজাও হয়েছে। একটি ওয়ারেন্ট আছে। চেকের মামলায় তার বিরুদ্ধে দুই কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রামের আদালত।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অপারেশন অফিসার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, ‘জহির উদ্দিন আহমেদ একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাতটি মামলার মধ্যে ৬টি সাজাও হয়েছে। একটি বর্তমানে ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘ দুই বছর ধরে পলাতক ছিলেন।’

‘গতকাল (বুধবার) দুপুরে নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে’— যোগ করেন তিনি।

রবিউল হোসেন রবি/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর