রাজধানীসহ দেশের ৪ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দিন ও রাতের তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কুয়াশার কারণে নদীবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।
পূর্বাভাসে আরো উল্লেখ করা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
বার্তাবাজার/পি