শ্যামনগরে ওয়াপদা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ করার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী ওয়াপদা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ করে মৎস্যঘেরে লবণ পানি তুলে ফসলসহ নানান ধরণের ক্ষতি করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৭ ফেবুয়ারি) বিকেলে কৈখালি মুন্ডাপাড়া এলাকায় শত শত মানুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ মহসীন গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন গ্রামবাসী আলহাজ্জ্ব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, শিক্ষক প্রশান্ত কুমার, সংবাদকর্মী নূরুন্নবী, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবসায়ী সাইদুল ইসলাম, আকবার আলী, হাফিজুর রহমান খোকন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম প্রমুখ।

এসময় তারা বলেন, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কতিপয় মৎস্যঘের ব্যবসায়ী ওয়াপদার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ করে আউট ড্রেন ছাড়া ঘেরে লোনা পানি উত্তোলন করছে। যার কারণে ফসল ক্ষতিগ্রস্থ, খাবার পানি খাওয়ার অনুপযোগী, গাছপালা মারা যাওয়াসহ নানান ধরণের ক্ষতি হচ্ছে গ্রামবাসির। বিষয়টি মৎস্যঘের মালিকদের একাধিকবার বললেও তারা কোন প্রকার কর্ণপাত না করে জমিতে পানি উত্তোলন করে চলেছে।

ইতিপূর্বে লোনা পানি বন্ধের দাবিতে গ্রামবাসী সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার ভূমি, পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর অল্প কিছুদিন বন্ধ ছিলো। পরবর্তীতে ওই ঘের ব্যবসায়ীরা আবারও লোনা পানি তুলে ক্ষতিসাধন করছে বলে বক্তারা জানান।

শেখ শাওন আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর