হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর আল জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের প্রতিবেদনটি সরিয়ে নিতে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানান, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনটি সরিয়ে নিতে ফেসবুক ও ইউটিউবকে টেলিফোন এবং ইমেইলের মাধ্যমে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, বিজ্ঞ হাইকোর্ট ওই কনটেন্ট সরানোর বিষয়ে নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে বিটিআরসি কনটেন্ট সরানোর ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। এরই অংশ হিসেবে কনটেন্টটি সরিয়ে নিতে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
তবে এ বিষয়ে ফেসবুক সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, কোনো কন্টেন্ট সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ফেসবুক কিছু প্রকিয়া অনুসরণ করে। এই প্লাটফর্মে যে কোনো কন্টেন্টে যে কেউ রিপোর্ট করতে পারে। তখন ফেসবুক টিম রোবট প্রযুক্তি ব্যবহার করে সেটি দ্রুত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। যে আইডি থেকে রিপোর্ট করা হয় সেখানেও জানানো হয় বিষয়টি।
আবার, সরকারি মাধ্যম থেকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কনটেন্ট সরানোর অনুরোধ এলে সে বিষয়টিও ফেসবুক অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে।
বার্তাবাজার/এসজে