বিল গেটস ফার্মের মুরগি খান: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের ধনী ব্যক্তি হয়ে ফার্মের মুরগির মাংস খান। তার মতো ব্যক্তি ফার্মের মুরগির মাংস খেতে পারেন আর আমরা এতই স্বাস্থ্য সচেতন যে ফার্মের মুরগির মাংস খাই না।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের ধনী ব্যক্তি বিল গেটস। তিনি ফার্মের মুরগি খান কিন্তু আমরা এতই স্বাস্থ্য সচেতন ফার্মের মুরগি খাই না। এই ফার্মের মুরগি আমাদের দেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এখন আমার ইচ্ছা করে টিভিতে বক্তব্য দিয়ে বলতে ফার্মের মুরগি স্বাস্থের জন্য ঝুঁকিপূর্ণ নয়। দেশের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়।

রাজ্জাক বলেন, আমরা দেশকে বহুদূর এগিয়ে নিতে চাই। দেশেকে ক্ষুধা ও দারিদ্রহীন করতে চাই। দেশের জনগণকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে চাই। আমরা যদি আমাদের সন্তানদের মেধা বৃদ্ধি ও সৃজনশীল সম্পন্ন করতে চাই তবে তাদের বেশি আমিষ ও পুষ্টি সমৃদ্ধ খাকার খাওয়াতে হবে। আর এই পুষ্টি সমৃদ্ধ খাবার হলো মাছ, মাংস, ডিম। এখন জাতির জন্য বড় চ্যালেঞ্জ হলো এসকল চাহিদা পূরণ করা। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এ চ্যালেঞ্জও ইনশাআল্লাহ মোকাবিলা করতে সক্ষম হব।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতেৃত্বে দেশ সত্যিকারের উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অনেকেই একসময় বলত এ দেশ টিকবে না। উদাহরণ টেনে বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেনারেল ম্যাকনামারা বাংলাদেশে এসে বলেছিলেন বাংলাদেশ পৃথিবীতে টিকে থাকতে পারবে না। তিনি আরো বলেছিলেন এ দেশ যদি পৃথিবীতে টিকেও থাকে তবে বিদেশিদের সাহায্যের ওপর টিকে থাকতে হবে। এসময় মন্ত্রী বলেন, একসময় আমাদের বাজেটের ১৫-২০ শতাংশ পেতাম বিদেশি সাহায্য কিন্তু এখন তা কমে মাত্র ২ শতাংশে নেমে এসেছে। আমাদের প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে সারা বিশ্বকে আঙ্গুল দেখিয়ে আমরা আজ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছি। এখন আমরা বিদেশিদের সাহায্যের ভরসা করি না।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

প্রণোদনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর