নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের সময়কার সাড়ে তিন হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙিনায় মাটি কাটার সময়ে গুলি গুলো দেলহতে পায়। এইসব গুলি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধে ব্যবহার করার জন্য মঝুত করে রাখা হয়েছিলো এমনটাই ধারণা এলাকাবাসী ও পুলিশের।
গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বেলাব উপজেলার চরউজিলার গ্রামে প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক মো. আব্দুল হাইয়ের বাড়ির পাশ থেকে এই গুলিগুলো উদ্ধার করে পুলিশ।
বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ ও স্থানীয়রা জানান, শ্রমিকরা বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙিনায় কলাগাছের পাশ থেকে মাটি কাটছিলেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিনভর মাটি কেটে নেয়ার পর সন্ধ্যায় মাটির নীচে গুলিভর্তি একটি বক্স দেখতে পান তারা। এ সময় বাড়ির মালিক মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে বায়েজিদকে গুলির বাক্স পাওয়ার খবর জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ পিস রাইফেলের গুলি উদ্ধার করে।
এ সময় স্থানীয়রা মাটি খুঁড়ে গুলি বের হওয়ার ঘটনা দেখতে ঘটনাস্থলে ভিড় জমান। উদ্ধার হওয়া থ্রি নট থ্রি রাইফেলের গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধে ব্যবহারের জন্য মুক্তিযোদ্ধাদের মজুদ রাখা ছিল বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। ১৯৭১ সালে আব্দুল হাইয়ের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পও ছিলো বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
বার্তাবাজার/ভি.এস