‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ও করা হবে ডোপ টেস্ট’
সরকারি চাকরিতে নিয়োগের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ও প্রত্যেকের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ বিষয়ে পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, যত কর্মকর্তা কর্মচারী নিয়োগ হবে, সেটা বিসিএস হোক আর যাই হোক, প্রত্যেকের ডোপ টেস্ট করা হবে। যারা কলেজ বিশ্বদ্যিালয়ের ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট চালু করা হবে। যারা চাকরিতে আছেন তাদেরও বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ পাওয়া গেলে ডোপ টেস্ট করা হবে। এ কার্যক্রম ব্যাপক হারে প্রয়োগ হবে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
দেশের দু’টি জেলাকে মাদকমুক্ত করতে পাইলট প্রকল্প গ্রহণ করা হবে বলে তিনি জানান। বৃহত্তর চট্টগ্রাম ও দিনাজপুর জেলা দু’টোকে মাদকমুক্ত করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে।
করোনাকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। আমাদের এখানে রোহিঙ্গারা আছে। আমরাও ৭১সালে মুক্তিযুদ্ধের সময় রিফিউজি ছিলাম। রিফিউজিরা কখনও স্থায়ী নাগরিকত্ব পায় না।
বার্তাবাজার/এসজে