রাজৈরে মাহফিলের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে হামলা, নিহত ১

মাদারীপুরের রাজৈরে আধিপত্য বিস্তার ও মাহফিলের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ রহিম সিকদার গ্রুপের হামলায় রুবেল মাতুব্বর (২৫) নিহত হয়েছে। এসময় পিটিয়ে আরো ৪ জনকে আহত করে।

ঘটনাটি ঘটেছে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায়। নিহত রুবেল ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও একই ইউনিয়নের কছুরাকান্দি গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাতে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কছুরাকান্দি এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে খিচুড়ি খাওয়া নিয়ে ছানোয়ার গ্রুপের সাথে রহিম সিকদার গ্রুপের হাতাহাতি হয়। পরেরদিন সকালে বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেলসহ ৫ জনকে পিটিয়ে আহত করে রহিমের লোকজন।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক রুবেল মাতুব্বর (২৫) ও লিটন শেখকে (২৬) ফরিদপুর মেডিকেলে প্রেরন করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রুবেল মারা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট চালায় বিক্ষুদ্ধরা। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক জানান, মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়েছিল। একজন ভিকটিম মারা যওয়ায় তার মৃত্যু সনদ দিয়ে আদালতে ৩০২ ধারা ওই মামলায় সংযোজনের আবেদন করবো। তবে এ মামলার ১২ জন আসামির মধ্যে ১০ জন আদালত থেকে জামিনে এসেছে। বাকি দুইজনকে ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর