আসন্ন বিজয় দিবসেই চালু হবে মেট্রোরেল

চলতি বছরের আসন্ন বিজয় দিবসেই (১৬ ডিসেম্বর) বহুল প্রত্যাশ্যার মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ওইদিন রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শনকালে তিনি এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে নয়টি। ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান। এ রুটে চলতি বছরে মহান বিজয় দিবসে মেট্রোরেল চলবে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি মহান বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চালু করতে পারবো। আমাদের দেশীয় ও বিদেশি এক্সপার্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন। মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এছাড়া ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। করোনা সংকট না থাকলে কাজের অগ্রগতি আরো বাড়তো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর