‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনস’ শিরোনামে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত ভিডিও প্রতিবেদনটি সরাতে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে এই আদেশ দেওয়া হয়।
আদেশটি দেওয়া হয় বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই রাকিব।
আজ আদালতে আরও সংযুক্ত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনিজীবী ডেপুটি অ্যাটর্নী জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এনামুল কবীর ইমন ও ব্যারিস্টার ফারজানা শায়লা।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি এই রিটের ওপর সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী অ্যামিকাস কিউরি হিসেবে মতামত ব্যক্ত করেন। তারই ধারাবাহিকতায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।
গত ৮ ফেব্রুয়ারি আল জাজিরার সম্প্রচার বন্ধ ও আলোচিত ওই প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন। রিটে বিবাদী করা হয় ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের।
বার্তাবাজার/এসজে