সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন আর্থিক এবং সরকারি প্রতিষ্ঠানে সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক থাকার পরামর্শ দেন বাংলাদেশ সরকারের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সাইবার অপরাধ তদন্তে সরকারের এই বিশেষায়িত সংস্থাটি তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে সতর্ক করে দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, ইসলামী ব্যাংক, করোনা-বিডি, ব্র্যাক ব্যাংক ও বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাইবার হামলার মুখে পড়েছে বলে সিআইআরটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিআইআরটির সাইবার থ্রেট গবেষণা দল এর পেছনে ‘ক্যাসাব্লাংকা’ নামের একটি হ্যাকার গ্রুপকে চিহ্নিত করেছে।
এটিকে উচ্চ হুমকির হামলা হিসেবে চিহ্নিত করেছে সিআইআরটি। তবে, এখনই কোনো আর্থিক লাভের জন্য এই হামলা চালানোর ইঙ্গিত পায়নি সংস্থাটি। ‘তবে ভবিষ্যতে এটি মারাত্মক হুমকির হতে পারে, যা গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণও হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।’
সিআইআরটি সাইবার হামলার শিকার হওয়া প্রতিষ্ঠানগুলোকে সব কর্মী, গ্রাহক ও ভোক্তাদের সচেতনতাসহ সাইবার নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক বিষয় পেলে https://www.cirt.gov.bd/incident-reporting এই ঠিকানায় জানাতে অনুরোধ করেছে।
আগে একবার গত বছরের নভেম্বরে বাংলাদেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল সরকার। সেই সতর্কতার অংশ হিসেব অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছিলো। কোনো কোনো ব্যাংক রাতে এটিএম বুথ বন্ধ রেখেছিল। তবে ওই সময় কোনো সাইবার হামলার ঘটনা ঘটেনি।
বার্তাবাজার/ভিএস