বর্তমান নির্বাচন কমিশন সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে বলে বিএনপির মন্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারো ওপর নির্ভরশীল নয়। সরকারের হাতিয়ার হচ্ছে একমাত্র দেশের জনগণ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন।
তিনি বলেন, সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার ও গুজব সৃষ্টি করে যাচ্ছে। বিএনপি যখন জনগণের ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলেন তখন হাসি পায়। এ দেশের ইতিহাসে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড গড়েছিল বিএনপিই।
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, কারো সমালোচনা করার আগে আয়নায় নিজেদের মুখ দেখুন। এ দেশে মানুষের ভোটাধিকার হরণের জনক বিএনপির মুখের কথা মানুষ এখন আর বিশ্বাস করে না।
কাদের বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, নিজস্ব ক্ষমতা এবং আইন প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান তাদের দায়িত্ব। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের দায়িত্ব কমিশনকে সহযোগিতা করা।
তিনি আরও বলেন, কমিশন যদি বিএনপিকে জয়ের নিশ্চয়তা দেয় তবেই তাদের ভাষায় কমিশন নিরপেক্ষ।
বার্তাবাজার/এসজে