নির্ধারিত হলো ভোজ্যতেলের দাম

দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত ভোজ্যতেল বিশেষ করে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে। এখন থেকে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১১৫ টাকা আর বোতলজাত সয়াবিন বিক্রি হবে খুচরা বাজারে ১৩৫ টাকা দরে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে অত্যাবশকীয় বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষ করার পর এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ এসব সিদ্ধান্তের কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ বলেন, আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ভোজ্যতেলের এ দাম নির্ধারণ করা হয়েছে। সামনে মাহে রমজান মাস, বর্তমানে যথেষ্ট মজুদ আছে। সব হিসেব-নিকেশ করার পরই এ দাম নির্ধারণ করা হয়।

তিনি বলেন, প্রতি লিটার খোলা সয়াবিন পাইকারি পর্যায়ে ১১০ টাকা, খুচরা মূল্য ১১৫ টাকা আর মিলে গেটে ১০৭ টাকায় বিক্রি হবে। আর বোতলজাত প্রতি লিটার সয়াবিনের মিল গেট মূল্য ১২৩ টাকা, পাইকারি মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা। ৫ লিটার বোতলজাত সয়াবিন মিল গেট মূল্য ৫৮৫ টাকা, পরিবেশক মূল্য ৬০০ টাকা এবং খুচরা মূল্য ৬২৫ টাকা।

আর পাম সুপার তেলে প্রতি লিটার মিল গেটে মূল্য (খোলা) ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা এবং খুচরা বাজারে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাণিজ্য সচিব জাফর উদ্দিন, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর