তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরের আগেই ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দিতে চায় বিসিবি।
আর তাই আগামীকাল বৃহস্পতিবার ক্রিকেটারদের করোনা ভ্যাকসিন দেয়া হবে। নিউজিল্যান্ড সফরে যারা যাবে তাদের আগে করোনা ভ্যাকসিন দেয়া হবে। বাকি ক্রিকেটাররা ভ্যাকসিন পাবেন পরে।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, নিউজিল্যান্ড সফরে যাওয়া ক্রিকেটারদের জন্য আমরা ভ্যাকসিন ব্যবস্থা করেছি। বাকিদের তালিকা করা হবে। সেটি সরকারের কাছে পাঠানো হবে। পরে বাকি খেলোয়াড়রা করোনা ভ্যাকসিন নিবেন।
তবে ক্রিকেটারদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে চায় বিসিবি। সফর শেষে দেশে ফেরার পর দ্বিতীয় ডোজ দেয়া হবে।
উল্লেখ্য, আগামী ২০ মার্চ ডুনেডিনে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুইদল। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচ। সিরিজের বাকি দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ক্রাইস্টচার্চে ২৩ ও ওয়েলিংটনে ২৬ মার্চ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু সকাল ৭টায়।
হ্যামিল্টনে আগামী ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। নেপিয়ার ও অকল্যান্ডে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মার্চ ও ১ এপ্রিল। ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।
বার্তাবাজার/এস.জি