হুট করেই ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকা দলের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। ঘরের মাঠে বিদায় নেওয়ার ইচ্ছে ছিল প্লেসিসের।
কিন্তু করোনার কারণে এই সিরিজ স্থগিত হয়ে গেছে। তাই ঘরের মাঠ থেকে টেস্টে বিদায় নিতে পারলেন না প্লেসিস। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের ঘোষণা দেন তিনি।
২০১২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় প্লেসিসের। ২০১৬ সালে দলের অধিনায়কের দায়িত্ব পান তিনি। তার অধীনে ৩৬টি টেস্ট খেলে ১৮টি জয় ও ১৫টিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারের পর টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।
দক্ষিণ আফ্রিকার টেস্ট জার্সিতে ৬৯ ম্যাচ খেলেছেন প্লেসিস। ১০ সেঞ্চুরি ও ২১ হাফসেঞ্চুরিতে ৪ হাজার ১৬৩ রান করেছেন তিনি। টেস্টে তার সর্বোচ্চ রান ১৯৯। টেস্টকে বিদায় বললেন সীমিত ওভারের ক্রিকেট খেলবেন প্লেসিস।
বার্তাবাজার/এস.জি