চারটি সংগঠন সাথে নিয়ে রাজনৈতিক জোট গঠন করেছেন ডাকসুর সাবেক ভিপি ও আলোচিত ছাত্রনেতা নুরুল হক নূর এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তারা একত্রে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালনের ঘোষণাও দিয়েছেন।
জোট গঠন করা চারটি সংগঠন হলো, নূরের ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ, জুনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, হাসনাত কাইয়ুমের রাষ্ট্রচিন্তা এবং ভাসানী অনুসারী পরিষদ।
এই চারটি সংগঠন মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচী ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচীর মধ্যে আছে, মার্চের প্রথম দিনে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ১২ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে সুবর্ণজয়ন্তী সমাবেশ, ২৬ মার্চ স্ব-স্ব সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন ও ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দিবস পালন। এছাড়াও বছরজুড়েই নানা কর্মসূচী গ্রহণ করা হবে বলে তারা জানান।
জুনায়েদ সাকি বলেন, আমরা গণমানুষের রাজনীতি বাংলাদেশে গড়ে তুলতে চাই। তারই অংশ হিসেবে আমরা একসঙ্গে কিছু কাজ করছি। এর মধ্য দিয়ে আমরা গণমানুষের রাজনীতি এগিয়ে নিয়ে গিয়ে জনগণের নিজস্ব রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।
ভিপি নূর বলেন, আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমাদের যাত্রা শুরু হয়েছে, এটা চলমান থাকবে। আমাদের চিন্তার সঙ্গে যদি আরও কেউ যুক্ত হতে চায় আমরা তাদের আহ্বান জানাই আসার।
বার্তাবাজার/এসজে