প্রিমিয়ার লিগের চলতি মৌসুম ভালো কাটছে না লিভারপুলের। টানা তিন ম্যাচ হেরে শিরোপা হারানোর শঙ্কায় রয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
এমন পরিস্থিতি মাথায় নিয়েই উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) শেষ ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। লাইপজিগকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো লিভারপুল।
মঙ্গলবার রাতে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় মুখোমুখি হয় দুইদল। ম্যাচটি লাইপজিগের রেড বুল অ্যারেনায় হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসজনিত কারণে ম্যাচটি সেখানে না হয়ে নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।
লিভারপুলের হয়ে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। মার্সেল সাবিতজারের সহায়তায় জালের ঠিকানা খুঁজে নেন সালাহ।
এরপর ৫৮ মিনিটে কার্টিস জোন্স থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি লাইপজিগ। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
আগামী ১০ মার্চ দ্বিতীয় লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে লাইপজিগকে আতিথেয়তা দেবে লিভারপুল। ঘরের মাঠে এক গোলে হারলেও কোয়ার্টার ফাইনালে চলে যাবে অলরেডরা।
বার্তাবাজার/এস.জি