এমবাপ্পের হ্যাটট্রিকে উড়ে গেল বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) শেষ ষোলোর প্রথম লেগে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে মঙ্গলবার রাতে মাঠে নামে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

নিজেদের ঘরের মাঠে পিএসজির কাছে ৪-১ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে বার্সা। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো পিএসজি।

দলের দুই সেরা তারকা নেইমার ও অ্যাঞ্জেল ডি মারিয়া ইনজুরিতে। তাদের ছাড়াই মাঠে নামে পিএসজি। শুরুতে পিছিয়ে পড়লেও এরপর বার্সাকে পাত্তাই দেয়নি তারা। এই ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে।

২২ বছর বয়সী তারকার দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে দিয়েছে পিএসজি। অথচ ন্যু ক্যাম্পে শুরুতে এগিয়ে ছিল বার্সা। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি।

এরপরই বার্সার জালে গোল জড়াতে থাকেন এমবাপ্পে। ম্যাচের ৩২ মিনিটে মার্কো ভেরাত্তির পাস থেকে প্রথম গোলটি করেন তিনি। ১-১ সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুইদল।

বিরতির মাঠে নেমে নির্দয় হয়ে ওঠেন এমবাপ্পে। ৬৫ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। তার মিনিট পাঁচেক পর ব্যবধান ৩-১ করেন এভারটন থেকে ধারে পিএসজি শিবিরে যোগ দেওয়া ময়সেস কিন।

ম্যাচের ৮৫ মিনিটে হুলিয়ান ড্রাক্সলারের পাস থেকে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। এতে ৪-১ গোলে জয় পায় পিএসজি।

আগামী ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে বার্সাকে দ্বিতীয় লেগে স্বাগত জানাবে পিএসজি। পিএসজির মাঠে গিয়ে তাদেরকে অন্তত ৪ গোলের ব্যবধানে হারাতে হবে বার্সার।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর