যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা পারভেজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।
নিহতের খালা রওশন আরা বার্তা বাজারকে জানান, রাতে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপু তাকে ফোন দিয়ে পারভেজকে ছুরি মেরে হত্যার কথা জানান। এরপর হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই। পারভেজ ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
তিনি বার্তা বাজারকে আরো বলেন, আমি শুনেছি মুখ বাঁধা তিনজন এসে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বার্তা বাজারকে বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
কোতয়ালি থানার ইনসপেক্টর সুমন ভক্ত বার্তা বাজারকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখন বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
এ্যান্টনি দাসবার্তাবাজার/হৃ.আর