পুলিশ সদস্যদেরকে জনগণের সঙ্গে ভালো আচরণ করতেই হবে: আইজিপি
পুলিশ সদস্যদেরকে জনগণের সাথে ভালো আচরণের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ হেড কোয়ার্টারের শাপলা কনফারেন্স রুমে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় প্রতিটা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মনিটরিং অব্যহত রাখতে মাঠ পর্যায় কাজ করা পুলিশ কর্মকর্তাদের তদারকি বাড়ানোর নির্দেশনা দেন তিনি। একই নির্দেশনা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদেরকেও দিয়েছেন ।
পুলিশের আইজি বলেন, মাদকের সঙ্গে যে কোনো ধরনের অবৈধ সংশ্লিষ্টতার প্রমাণ পেলে পুলিশের যে কোনো সদস্যের প্রতি শূন্য সহিঞ্চুতা প্রদর্শন করা হচ্ছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে।
তিনি বলেন, আমরা চাই, থানায় আসা সেবাপ্রার্থীর সঙ্গে যে কোনো ধরনের খারাপ আচরণের কথা বাস্তব নয়, গল্প ও কল্পকথার অংশ হোক। জনবান্ধব পুলিশ হতে হলে থানায় কর্মরত পুলিশ সদস্যদেরকে জনগণের সঙ্গে ভালো আচরণ করতেই হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, সেবাপ্রার্থীর প্রতি সাপোর্টিভ হতে হবে।
পুলিশ প্রধান আরও বলেন, পুলিশি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে আমরা বিট পুলিশিং চালু করেছি। ইতোমধ্যে দেশব্যাপী বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
বার্তাবাজার/এসজে