রামগতিতে পৌরসভা নির্বাচনে নিয়ে সংঘর্ষ, কাউন্সিলরসহ আটক-২

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে ভোটে পরাজিত হওয়া নিয়ে পরাজিত প্রার্থী ও নির্বাচিত কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শিক্ষা গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতরা ৮ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মুর্তজা আল-আমিন ও পরাজিত প্রার্থী মাহবুবুর রহমান লিটনের অনুসারী। আল-আমিন রামগতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লিটন জাসদ নেতা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানা যায়, আল-আমিন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজানের অনুসারী। লিটন একই আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল মামুনের অনুসারী। গত ১৪ ফেব্রুয়ারি রামগতি পৌরসভা নির্বাচনে তারা ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আল-আমিন বিজয়ী হন। কিন্তু লিটন ভোটে হেরে যায়। এনিয়ে দুইদিন পর মঙ্গলবার ঘটনার সময় লিটনের সমর্থকরা আল-আমিনের লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষেই ইট-পাটকেল মারতে থাকে। এতে ইট পড়ে জগলুর রহমান রুবেল নামে এক পথচারীর পা ভেঙে যায়। এ ঘটনায় রুবেলসহ অন্তত ১০জন আহত হয়েছেন।

আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের মাথা-হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

এদিকে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরসেকান্দর এলাকায় ভোটে হেরে কাউন্সিলর প্রার্থী হোসেন হাওলাদারসহ তার লোকজন নির্বাচিত প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে নিজামের হাত ভেঙে গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছি। লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বার্তা বাজারকে আরও বলেন, সোমবার ৩ নম্বর ওয়ার্ডে একই ধরণের ঘটনা ঘটেছে। এতে পরাজিত প্রার্থী সোহেলসহ ২ জনকে আটক করেছি। রাতে কাউন্সিলর নিজামের সঙ্গে সোহেল সমঝোতায় যায়। পরে মুচলেকা নিয়ে সোহেলসহ অপর আটকৃতদের ছেড়ে দেওয়া হয়।

শাকের মোহাম্মদ রাসেল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর