জিয়ার খেতাব বাতিলের প্রস্তাবটি যথার্থ: নৌ প্রতিমন্ত্রী
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের বাতিলের প্রস্তাবটি যথার্থ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। একইসাথে দেশের মানুষ সুযোগ পেলে বহু আগেই তার এই খেতাব বাতিল করতো বলেও তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ আজাদী লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমান বেনিফিশিয়ারি। পঁচাত্তর পরবর্তীতে তিনি জাতির পিতার খুনিদের লালন পালন করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার যাতে না হয়; সেই ইনডেমনিটি অধ্যদেশটি আইনে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিদের সংসদে এনেছেন জিয়া। এরশাদ, খালেদা জিয়াও সে পথে চলেছেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের শাসনামল অবৈধ। হাইকোর্ট-সুপ্রিম কোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে। পঞ্চম সংশোধনী অবৈধ হওয়ায় জিয়ার শাসনামল অবৈধ। তার সকল কার্যক্রম অবৈধ। তার সকল কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী। তিনি অবৈধ কার্যক্রম পরিচালনা করেছেন। মুক্তিযুদ্ধবিরোধীদের লালন করেছেন। তার মুক্তিযুদ্ধের খেতাব রাখতে দেয়া যায় না।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডটি কোন ব্যক্তির হত্যাকাণ্ড নয়; এটি বাংলাদেশকে হত্যা করার পরিকল্পনা। বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রামের বীরত্বগাঁথা ইতিহাসকে উল্টো পথে নেয়া হয়েছে। এরশাদ, খালেদা জিয়া একই পথে হেঁটেছেন।
বার্তাবাজার/এসজে