মহাসড়কে আদায়কৃত টোল রক্ষণাবেক্ষণে খরচ হবে: প্রধানমন্ত্রী

দেশের সকল মহাসড়কগুলোতে টোল আদায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে এই নির্দেশ দিয়ে বলেন, বিনা পয়সায় সেবার দিন শেষ।

এছাড়াও প্রস্তাবিত ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত করা হলে সেখান থেকেও টোল আদায়ের নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নির্দেশ দেন। তিনি বলেন, টোল আদায়ের মাধ্যমে শুধু রাজস্ব আদায় নয় বরং আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। যেখান থেকে শুধু সড়ক রক্ষণাবেক্ষণে খরচ করা হবে।

প্রধানমন্ত্রীকে উদ্বৃতি করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, বিনা পয়সায় সেবা পাওয়ার দিন এখন শেষ। আমরা সেবা পেতে চাই। কিন্তু পয়সা দিতে রাজি না। এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে। এখন হতে সরকারি সেবা পেতে হলে দাম দিতে হবে। ভাল সেবা পেতে হলে পয়সা দিতে হবে।

এমএ মান্নান আরও বলেন, একনেক সভায় সড়কে নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে যাত্রী, চালক ও চালকের সহকারী সেখানে বিশ্রাম নিতে পারেন।

ঢাকা-সিলেট সড়কটি বিদ্যমান দুইলেন থেকে ফোরলেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। ২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়কটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯১৮ কোটি টাকা। এর মধ্যে ১৩ হাজার ২৪৪ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। বাকি টাকা সরকারি কোষাগার থেকে বহন করা হবে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর