মধ্য প্রদেশে বাস খাদে পড়ে ৩৯ জন নিহত

ভারতের মধ্য প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যাওয়া ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। পিটিআইয়ের খবরে বলা হয় নিহতদের মাঝে বেশিরভাগই শিশু ও নারী। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে রাজ্যের সিধি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, অর্ধ শতাধিক যাত্রী নিয়ে একটি বাস সিধি থেকে সাটনা যাচ্ছিল। পথে শারদপাঠক গ্রামের কাছে একটি সেতুতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়। সেখানে অন্তত ৩০ ফুট গভীর পানিতে ডুবে যায় বাসটি। বাস যাত্রীদের মাঝে কয়েকজন সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও বাকিদের দিতে হয়েছে প্রাণ।

পুলিশ জানায়, বাসটিকে উদ্ধার করতে দু’টি ক্রেন ব্যবহার করা হয়েছে। এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে খালটির ২০ কিলোমিটার এলাকায় অভিযান চলছে।

পিটিআই জানায়, বেশ কয়েক ঘন্টা খালের পানিতেই ডুবে ছিল বাসটি। পরে স্থানীয় প্রশাসন থেকে বানগঙ্গা সেচ প্রকল্পের পানি বন্ধ করে দিলে খালের পানি কমে বাসটি দেখা যায়।

এই দুর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকার থেকে ক্ষতিগ্রস্থদেরকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর