বিনা পয়সার সেবার দিন শেষ উল্লেখ করে প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের টোল আদায়ের নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিরর সভায় এসব কথা বলেন। এ সভা শেষে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
শেখ হাসিনার নির্দেশনা তুলে এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর ধারণা বিনা পয়সার সেবার দিন শেষ। আমাদের মনোভাব পাল্টাতে হবে আমরা সকল ধরণের সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি নই। যাদের পকেট ভর্তি টাকা রয়েছে তারা আরো বেশি দিতে রাজি না। আমাদের এমন কালচার থেকে বেরিয়ে আসতে হবে। তিনি (প্রধানমন্ত্রী) চান যে সকল বড় সড়ক নির্মাণ করেছে সেগুলো থেকে টোল আদায় করতে।
একনেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি ১৬ হাজার ৯১৮ কোটি ৫৯ লাখ টাকা খরচে অনুমোদন দেয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প নিয়ে আলোচনা করতে গিয়ে টোল আদায়ের বিষয়ে নির্দেশনা দেন সরকার প্রধান।
এম এ মান্নান জানান সরকার প্রধান বলেন, এই টোল শুধু সরকারের রাজস্ব আদায়ের জন্য নয়। ইয়ারমার্ক একটা অম্যাউন্ট থাকে। ওই অম্যাউন্ট থেকে সড়কগুলো মেরামত করা হবে।
শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে এম এ মান্নান বলেন, এই যে সড়ক বানাচ্ছি সড়কে ভ্রমণের সময় যেন বিশ্রামের জায়গা থাকে। একটি সুন্দর ওয়াশরুম থাকে। নারীদের চেঞ্জিং রুম ও বসার জায়গা যেন থাকে। সড়ক ও জনপথ অধিদফতরকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, ঢাকা-সিলেট মহাসড়ক বা ঢাকা-চট্টগ্রাম রুটে এগুলো করতেই হবে।’
বার্তাবাজার/ই.এইচ.এম