সাতক্ষীরার কালিগঞ্জে সুমন ঘোষ (৫০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ২ টার দিকে উপজেলার ভদ্রখালি এলাকার হাজামপাড়া মোড় এলাকায়।
পরে প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে ঝিনাইদহ কালীগঞ্জ থেকে ব্যবসায়ীকে উদ্ধারসহ ৮ জনকে আটক করা হয়। এরপর আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার আরও একজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫), মৃত সোহরাব আলীর ছেলে আব্দুর রহমান পরামানিক (৩৫), সোহরাব খানের ছেলে সোহাগ খান (২০), উজ্জ্বল মোল্লার ছেলে এনামুল হক (২২), আয়ূব আলীর ছেলে মনিরুল ইসলাম (২০), আজিবার রহমানের ছেলে মিলন হোসেন (২০), মোফিজউদ্দিন খানের ছেলে মোহাম্মদ সাগর হোসেন (১৯), দুলাল পরামানিকের ছেলে সাইমুন হোসেন (১৯) ও কালিগঞ্জের আলমগীর হোসেন (৪০)।
থানা ও এজাহার সূত্রে জানা যায়, সোমবার বেলা ২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জের ভদ্রখালি হাজামপাড়া মোড় এলাকা থেকে ব্যবসায়ী সুমন ঘোষকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে হত্যার উদ্দেশ্যে পাবনার দিকে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম সুমন হোসেনের স্ত্রী অনিমা ঘোষ (৩২) কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এরপর পুলিশ প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতেই ঝিনাইদহ কালীগঞ্জ থেকে ভিকটিমকে উদ্ধারসহ আসামি জাহাঙ্গীর, আব্দুর রহমান পরামানিক, সোহাগ খান, এনামুল হক, মনিরুল ইসলাম, মিলন হোসেন, সাগর হোসেন ও সাইমুন হোসেনকে আটক করে। এসময় অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে কালিগঞ্জের আলমগীরকে আটক করা হয়।
আসামিদেরকে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি