আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওপোলদো লুক মারা গেছেন। দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ৩ মাস পরেই লুককে হারালো দেশটি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
১৯৭৮ সালে আর্জেন্টিনা যখন প্রথম বিশ্বকাপ জেতে সেই দলের হয়ে খেলেছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ৭১ বছর বয়সে এসে জীবনের কাছে হার মানলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। করোনা কেড়ে নিল তার প্রাণ।
ঘরের মাঠের বিশ্বকাপে আলবিসেলেস্তাদের জেতাতে অনন্য ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড। সেই আসরে ৪টি গোল করেছিলেন তিনি। ১৯৭৮ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হাঙ্গেরির বিপক্ষেই প্রথম গোল করেন লুক। ওই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।
এছাড়া পেরুর বিপক্ষে ৬-০ গোলে জয়ের কুখ্যাত সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন। সেই জয় ফাইনালে পৌঁছে দিয়েছিল আর্জেন্টিনাকে। দেশের জার্সিতে ৪৩ ম্যাচ খেলে ২১টি গোল করেছিলেন লুক।
তিনি তার ক্লাব ফুটবল ক্যারিয়ার পুরোটায় কাটিয়েছেন লাতিন আমেরিকায়। নিজ দেশের রোসারিও সেন্ট্রাল, রিভার প্লেট ও রেসিংয়ের মতো বড় ক্লাবে খেলেছিলেন। এছাড়া ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের হয়েও খেলতে দেখা গেছে তাকে। মেক্সিকোর দেপোর্তেভো তাম্পিকোতেও খেলেছিলেন তিনি।
বার্তাবাজার/এস.জি