আল জাজিরার প্রতিবেদন দেশের জনগণ বিশ্বাস করে না: স্বরাষ্ট্রমন্ত্রী
কাতার থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম আল জাজিরায় সম্প্রতি প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীকে নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা এদেশের জনগণ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী উচ্চ বিদ্যালয়ে স্বরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম দিনই বলেছি, আলজাজিরা যেগুলো প্রচার করেছে তা মিথ্যা, ষড়যন্ত্র। একটা ষড়যন্ত্র নিয়েই তারা কাজ করছে। আমরা বলেছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তবভিত্তিক নয়।
তিনি আরও বলেন, গোপনে ফোনে কে কি বলল, তা প্রচার করে দেওয়া সাংবাদিকতার কাজ নয়। আমি মনে করি বাংলাদেশ এ সব ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়েছে।
আল জাজিরা এই ‘অপপ্রচার’ কেন করেছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু একটা ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। একটা গুজব রটিয়ে মানুষের মনে একটা অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র ছিল। মিডিয়ার মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা। সেজন্যই এই অপচেষ্টা করেছে তারা।
বার্তাবাজার/এসজে