মুক্তমনা লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান ঘোষিত এই রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড দেওয়ার পাশপাশি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একজনকে।
ঘোষিত রায়ে দণ্ড পেয়েছেন- সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক, মোজাম্মেল হোসেন ওরফে সাইমুম, আবু সিদ্দিক সোহেল ওরফে শাহাব, আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান, শফিউর রহমান ফারাবী ও আরাফাত রহমান ওরফে সিয়াম। আসামিদের মধ্যে সৈয়দ জিয়াউল হক ও আকরাম পলাতক আছেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি দেশের আলোচিত এই হত্যা মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। একইদিন রায়ের জন্য দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ব্লগার অভিজিৎকে অস্ত্রধারী সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০১৯ সালের ১৩ মার্চ আদালতে মামলাটির চার্জশিট দাখিল করা হয়। একই বছর ১ আগস্ট বিচার শুরু নির্দেশ দেন আদালত। ২৮ অক্টোবর বাদী অজয় রায়ের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে শুরু হয় মামলার কার্যক্রম। একই বছরের ৯ ডিসেম্বর মারা যান অজয় রায়।
চলতি বছরের ২০ জানুয়ারি শেষ হয় মামলার সাক্ষ্যগ্রহণ। রাষ্ট্রপক্ষে ৩৪ সাক্ষীর মধ্যে মোট ২৮ জন সাক্ষ্য দেন।
বার্তাবাজার/এসজে