চট্টগ্রামের ইপিজেড থানা এলাকার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) সংলগ্ন রেললাইনের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮০ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) এক বৃদ্ধা দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধার নাম নওশা বেগম। তিনি ওই বস্তিতেই বসবাস করতেন।
ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক নিউটন দাস জানান, ভোড় ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
তিনি বলেন, বস্তির একটি ঘরে নওশা নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধার পুড়ে যাওয়া মৃতদেহ পাওয়া যায়।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানান এ কর্মকর্তা।
রবিউল হোসেন রবি/বার্তাবাজার/পি