মানব মনের পুষ্টি বা অপুষ্টির সন্ধান দেয় পত্রিকায় প্রকাশিত লেখাগুলো

পত্রিকায় লেখা এবং পত্রিকার পাঠকদের দেখে একটি জাতির চেতনা, চরিত্র ও সভ্যতার মান নিয়ে একটি নির্ভুল ধারণা পাওয়া যায়। বস্তুত জাতির চেতনা, চরিত্র ও কর্মের প্রতিচ্ছবি নিয়েই হলো পত্র-পত্রিকা। যারা দেশ চালায় এবং দেশবাসীর চিন্তা-চেতনা ও বুদ্ধিবৃত্তিকে নিয়ন্ত্রিত করে তারা তো হাজির হয় পত্রিকার পাতায়।

এরূপ বিচারে জটিল হিসাব নিকাশের প্রয়োজন পড়েনা। দেশের মানুষ কি খায়, কি পান করে, কিসে তাদের রুচি -সে পরিচয় মেলে দোকানে পণ্যের আয়োজন দেখে। বিষয়টি তেমন পত্রিকার বেলায়ও। মানব মনের পুষ্টি বা অপুষ্টির সন্ধান দেয় পত্রিকায় প্রকাশিত লেখাগুলো। চেতনার সমৃদ্ধিতে পত্রিকা যেমন জ্ঞানের বাণী ছড়াতে পারে, তেমনি চেতনাকে বিষাক্ত করার কাজে ছড়াতে পারে দুষিত চিন্তার ভয়ানক।

পত্রিকার মাধ্যমেই জনগণের চেতনা ও চরিত্র কথা বলে। ফলে যে জাতি চুরিডাকাতি, গুম, খুন, ধর্ষণ, হাইজ্যাক, মাস্তানি, দুর্নীতি এবং আন্তর্জাতিক ভিক্ষাবৃত্তির মধ্য দিয়ে সংবাদ গড়ে -সে জাতির পরিচয় পেতে বিশ্বের অন্য গোলার্ধে বসেও অসুবিধা হয় না। পত্রিকার পৃষ্টায় শুধু সরকারের নয়, জনগণের প্রায়োরিটিও ধরা পড়ে। খবরের পাশা-পাশি খবরের প্রেক্ষাপট ও তার নায়কদেরও জানা যায়।

শুধু র্কম নয়, কর্মের পিছনে যে ভাবনা কাজ করে -পত্রিকা সেটিকেও প্রকাশ করে। পত্রিকার পৃষ্টাগুলো হলো চিন্তা-ভাবনার জায়গা। এক সময় লেখা লেখির কাজ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে সীমা বদ্ধ ছিল, পত্রিকার বদৌলতে তা এখন জনসম্মুখে। ফলে জ্ঞান-বিজ্ঞান এখন আর শুধু এ্যাকাডেমিক বিষয় নয়, সেটি এখন জনগণের বিষয়। পত্রিকার পৃষ্টাতে দেশের চিন্তাশীল মানুষেরা কথা বলে। তারা তুলে ধরে কিসে দেশের কল্যাণ ও অকল্যাণ -সে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বিচার-বিশ্লেষণ পেশ করে সরকারি ও বেসরকারী কর্মসুচীর। সাবধান করে চলতি ত্রুটি-বিচ্যুতি নিয়ে এবং সামনে কি ধরনের বিপদ ঘটতে পারে -সেগুলি নিয়ে।

কিসে মঙ্গল এবং কিসে অমঙ্গল –সে কথাগুলোও তুলে ধরে। জাতির ভবিষ্যৎ নিয়ে কাদের কি ভাবনা, কাদের কি কর্মসুচি -সেটির সাথে এভাবেই পরিচয় ঘটে। সভ্য ও চিন্তাশীল মানুষের জন্য পত্রিকা পাঠ এজন্যই গুরুত্বপুর্ণ। শেখা ও শেখোনার কাজে স্কুল-কলেজের যে ভূমিকা, পত্রিকার ভূমিকা তা থেকে কম নয়। পত্রিকায় যারা লেখে তারা যেমন আমৃত্যু শিক্ষক, তেমনি যারা পত্রিকা পড়ে তারা হলো আমৃত্যু ছাত্র।

লেখক: সাংবাদিক আব্দুর রাজ্জাক

মিনহাজুল বারী/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর