চট্টগ্রামের কোতোয়ালী থানার সদরঘাট এলাকা থেকে জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি করা বিসিএস পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী মো. মোজাম্মেল হক (৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মাদারবাড়ী কামাল গেট এলাকার মমতাজ ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মোজাম্মেল হক কর্ণফুলীর চরলক্ষ্যা ৩নং ওয়ার্ডের হক সাহেবের বাড়ির হাজী আব্দুল হকের সন্তান।
পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি মর্জিনা নামের এক বিধবা নারীর সন্তানকে সরকারি মুসলিম হাই স্কুলে ভর্তি করানোর জন্য জেলা প্রশাসকের সুপারিশ ও স্বাক্ষর নিয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা দাবি করেন জামাল উদ্দিন। প্রতারণার ফাঁদে পড়ে মর্জিনা প্রতারক মোজাম্মেলের হাতে ৬ হাজার টাকা তুলে দেন।
পরবর্তীতে ওই নারী প্রতারকের দেওয়া সেই সুপারিশপত্রটি যথারীতি পৌঁছায় স্কুলের প্রধান শিক্ষকের হাতে। কিন্তু প্রধান শিক্ষক জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে আবেদনের ব্যাপারে আবারও খোঁজ খবর নিতে বলেন৷ খোঁজখবর নিতে গেলে দায়িত্বরত লোকজন জানায় আবেদনটি জাল। আর তখনই বুঝতে পারে ওই নারী সে প্রতারকের খপ্পরে পড়েছে৷
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বার্তা বাজারকে বলেন, রবিবার রাতে জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি করে পলাতক আসামি ভুয়া বিসিএস পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণা করায় জামাল উদ্দীন নামের এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও একই অপরাধে পলাতক থাকায় মোজাম্মেল হকের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিউল হোসেন/বার্তাবাজার/হৃ.আর